খেলা ডেস্ক : গুরুতর চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার। অস্ত্রোপচার করাতে হবে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তাঁর ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কাল উরুগুয়ের কাছে ব্রাজিলের হারের ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তখনই বোঝা গিয়েছিল, বড় দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের।
উরুগুয়ের রাজধানী মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে কাল ম্যাচের ৪৪ মিনিট চলছিল। উরুগুইয়ান মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ে তাঁর ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। প্রথমে মাঠেই নেইমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চোটের ভয়াবহতা বুঝতে পেরে পরে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় ব্যাথায় কাঁদছিলেন নেইমার।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা ব্রাজিল সমর্থকদের মন খারাপ করিয়ে দিতে বাধ্য। নেইমারের এবারের চোট এতটাই ভয়ংকর যে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে বলে দাবি করেছে মার্কা। সেটা হলে আগামী বছর কোপা আমেরিকায় তাঁর খেলার সম্ভাবনা কম।
নেইমারের সেই পোস্ট শেয়ার করে দ্রুত সুস্থতা কামনা করেছ তাঁর ক্লাব আল হিলাল।
নেইমার আর চোট যেন নিত্যসঙ্গী। সেটা তো সবার জানা। এ নিয়ে গত ১০ বছরে ৩৪ বার চোটে পড়লেন নেইমার।
কাল উরুগুয়ের বিপক্ষে চোটে পড়ার আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে আঘাত পেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন পিএসজির খেলোয়াড়। আবার লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হলো।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন। এখন থেকে ঠিক ৮ মাস পর।






















