খেলাধুলা ২৫ অক্টোবর, ২০২৩ ০৫:০০

২৮ আক্টোবর সমাবেশ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রী 

আমাদের কাগজ ডেস্ক : নয়াপল্টনে বিএনপি, গুলিস্তানে আওয়ামী লীগ ও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে জামায়াত ইসলামী। যেটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ আক্টোবর (শনিবার)।  

পাশাপাশি তিনটি দলের এমন সমাবেশ ঘিরে জনসাধারণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এ বিষয়ে কথা বলেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, রাজধানীতে সমাবেশ করার জন্য রাজনৈতিক দলগুলো আবেদন করেছে। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে অনুমতি দেওয়ার চেষ্টা করা হবে। (বুধবার) (২৫ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান বলেন, রাজপথে জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়। আমরা সবসময় চেষ্টা করি জনসাধারণের শান্তি ও স্বস্তি যেন অক্ষুণ্ন থাকে। সেক্ষেত্রে আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে। ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজনৈতিক দল হিসেবে ‘নিবন্ধন না থাকায়’ জামায়াতে ইসলামীকে ঢাকার সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।  ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করতে কোনো দলকেই এখনো অনুমতি দেওয়া হয়নি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিয়ম-শৃঙ্খলা মানলে’ যে কোনো রাজনৈতিক দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হবে।

বিজয় দিবস সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার পর সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিয়মকানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যে কোনো কথা বলতে পারে। জামায়াত বলে কোনো কথা নেই, যে কেউ, যে কোনো কথা বলতে পারে, এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক চর্চা এখানে আছে। আমাদের কথা হলো- আমাদের যে আইনকানুন আছে, তার মধ্যে থেকে তাদের কথা বলতে হবে।

জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা, দ্বিতীয় দফা এ প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পারমিশন দিইনি, আমরা তাদের কোনো পারমিশন দিই না। জামায়াতে ইসলাম নিবন্ধিত দল নয় এখন পর্যন্ত। কাজেই তারা জামায়াতে ইসলামের ব্যানারে যদি আসে, তাহলে তাদের পারমিশন দেওয়ার প্রশ্নই আসে না।

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশ পথ বন্ধ করা হবে কিনা, সেই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর সরকার ঢাকার প্রবেশ পথ কেন বন্ধ করবে? মানুষ ঢাকায় আসবে ব্যবসার কাজে, চাকরির কাজে। অনেকে ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় অফিস করেন। কাজেই ঢাকার পথ আমরা কেন বন্ধ করব? আমরা ঢাকার কোনো পথ বন্ধ করব না। তারা যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে চলে যায় আমরা বাধা দেব না।

আমাদের কাগজ/এমটি