স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালো শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানদের বোলিং তোপে অল্পতেই গুঁটিয়ে যায় ইংল্যান্ড। এরপর রান তাড়ায় দ্রুতই ২ উইকেট হারালেও আর বিপর্যয় হতে দেননি পাথুম নিশাঙ্কা ও সাদেরা সামারাবিক্রমা। এই দুই ব্যাটারের অপরাজিত ফিফটিতে ইংরেজদের উড়িয়ে দিয়ে চলমান বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিলো কুশল মেন্ডিসের দল।
আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ২৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৪ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন কুশল পেরেরা। তিনে নেমে সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিস। এই ইনফর্ম ব্যাটার সাজঘরে ফিরেছেন ১১ রান করে। ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল শ্রীলঙ্কা।
তবে তৃতীয় উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশাঙ্কার ব্যাটে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। এই দুইজনই হাফ সেঞ্চুরি তোলে নিয়েছেন। শেষ পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। নিশাঙ্কা অপরাজিত থেকেছেন ৭৭ রান করে। আর সামারাবিক্রমা ৬৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।
এর আগে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।
বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।
আমাদেরকাগজ / এইচকে






















