খেলাধুলা ৬ নভেম্বর, ২০২৩ ০৫:০২

বিশ্বকাপ ২০২৩

প্রথমবারের মতো বিশ্ব দেখল ‘টাইমড আউট’

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে সেমির দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে এখনো ঠিকে থাকলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে দুই দলের জন্যই জয় ভীষণ প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা- ১৯১/৫ (৩৪ ওভার)

সামারাবিক্রমা সাজঘরে ফেরার পর উইকেটে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি যে হেলমেট নিয়ে উইকেটে আসেন সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ২ মিনিট পার হয়ে যায়। তাতে টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউট হয়েছেন ব্যাটাররা।

বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী—কোনো ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।

তবে এমসিসির নিয়ম অনুযায়ী—ওয়ানডেতে কোনো ব্যাটার আউট হওয়ার ৩ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।

যেহেতু এই ম্যাচটি বিশ্বকাপের অংশ, তাই এখানে বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনই কার্যকর হবে।

জুটি ভাঙলেন সাকিব

চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। ৪১ রান করা সামারাবিক্রমাকে ফিরিয়ে সেই জুটি ভেঙেছেন সাকিব। 

রিভিউ নষ্ট করলেন সাকিব

২০তম ওভারে মিরাজের স্টাম্পের ওপরের বল সামারাবিক্রমার পায়ে আঘাত হানে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। যদিও আগ্রহ ছিল না মুশফিকের। তবে সাকিবকে রিভিউ নিতে উৎসাহ দেন মিরাজ। এরপর বল ট্র্যাকিং দেখিয়েছে, মিরাজের বলটি মিস করে যেত লেগ স্টাম্প। প্রথম রিভিউটি হারাল বাংলাদেশ।

১৮ ওভারে শতক পেরিয়ে শ্রীলঙ্কা

দ্রুত দুই সেট ব্যাটারকে হারালেও চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করছে লঙ্কানরা। চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমার ব্যাটে আবারও ঘুরে দাঁড়িয়েছে তারা। এই জুটির কল্যাণে ১৮তম ওভারে তিন অঙ্ক ছুঁয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে প্রথমবার উইকেটের স্বাদ নিলেন তানজিম

আজকের ম্যাচের আগে স্কোয়াডের ১৪ জনই ম্যাচ পেয়েছেন। বাকি ছিলেন কেবল তানজিম সাকিব। অবশেষে মুস্তাফিজের চোটে সুযোগ এসেছে তারও। বল হাতে নিজের প্রথম ওভারেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে সেটা মুশফিকের নাগালের বাইরে দিয়ে যায়। ফলে বিশ্বমঞ্চে উইকেটের স্বাদ নিতে অপেক্ষা বাড়ে তার। তবে সেটা খুব বেশি দীর্ঘ হতে দেননি। ১৩তম ওভারের চতুর্থ বলে ৪১ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেছেন ডানহাতি এই পেসার।

আক্রমণে এসেই শিকার ধরলেন সাকিব

১১তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক নিজেই হাতে বল তুলে নেন। সাকিবের ওভারের তৃতীয় বলটি স্লটেই ছিল সেখানে এক পা এগিয়ে লং অনের ওপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ১৯ রান।

দশ ওভারে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট

প্রথম ওভারেই উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর প্রথম পাওয়ার প্লেতে আর সফলতার দেখা পায়নি বাংলাদেশ। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা আটকে রেখেছিলেন। তবে আরেক প্রান্তে উদার হাতে রান দিয়েছেন শরিফুল-তানজিম সাকিবরা। ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫২ রান তোলেছে শ্রীলঙ্কা।

প্রথম ওভারেই উইকেট পেলেন শরিফুল

বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার প্রথম ওভারেই সাকিবের আস্থার প্রতিদান দিয়েছেন। ষষ্ঠ বলটি অফ স্টাম্পের বাইরে পরে আরো বাইরে দিয়ে চলে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে শট খেলতে যান কুশল পেরেরা। ঠিকমতো টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। পেরেরা ফিরেছেন ৪ রান করে।

তানজিম সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ। দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা একাদশে ফিরেছেন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

আমাদেরকাগজ / এইচকে