খেলাধুলা ৩ জানুয়ারি, ২০২৪ ০৪:৫৫

৫৫ রানেই অলআউট দঃ আফ্রিকা, সিরাজের ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে ৫৫ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে ৫৫ রান করেছিল এশিয়ার দেশটি। এবার ফরম্যাটটা ভিন্ন, প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের আজ কার্যত শ্রীলঙ্কা বানিয়ে ছাড়ল ভারত। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়ানে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছিল ভারত। 

আজ বুধবার, ৩ জানুয়ারি কেপ টাউনে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চেপে বসে সফরকারীরা। একের পর এক ব্যাটারের বিদায়ে চরম বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত প্রথম দিনের প্রথম সেশনের খেলার মাত্র ২৩ দশমিক ২ ওভারে ৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। 

স্বাগতিক ব্যাটারদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দু’জন। কাইল ভেরান্নে ৩০ বলে ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ১৭ বলে ১২ রান করেছেন। বাকিরা আউট হয়েছেন ৫ রানের নিচে থেকে। শূন্য রানে আউট হন একমাত্র মার্কো জানসেন।

এদিন প্রোটিয়া ব্যাটিংয়ে ধস নামান মোহাম্মদ সিরাজ। ৯ ওভার বল করে ৩ মেইডেনে মাত্র ১৫ রান খরচায় একাই তুলে নেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৬ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেলেন সিরাজ। এ ছাড়া মুকেশ কুমার ও জসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট পেয়েছেন। 

৫৫ রানে অলআউটের ম্যাচে বেশ কিছু বিব্রতকর রেকর্ডও গড়েছে দক্ষিণ আফ্রিকা। অতীতে ৫৫ রানের কমে আরও অন্তত ৭ বার অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ১৯৩২ সালের পর নিজেদের টেস্ট ইতিহাসে আজই সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ল ডিন এলগারের দল। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। এ ছাড়া ভারতের বিপক্ষেও যে কোনো দলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এটি। 

এখন পর্যন্ত টেস্ট ম্যাচে সবচেয়ে কম রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের দখলে। ১৯৫৫ সালে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা। এরপরের চারটি সর্বনিন্ম রানের রেকর্ড অবশ্য প্রোটিয়াদের দখলে আছে।

আমাদেরকাগজ / এইচকে