স্পোর্টস ডেস্ক ।।
অ্যাশেজের প্রথম দিনে স্টিভেন স্মিথের সেঞ্চুরির জবাবে জো বার্নসের সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার যেমন স্মিথ ছাড়া কেউ হাফসেঞ্চুরির দেখাও পাননি। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের তেমন হয়নি। বার্নসের ইনিংসটাকে সুন্দর করার কাজে সাহায্য করেছেন আরও দুই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি।
প্রথম ইনিংসে স্মিথের ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৮৪ রানে। জবাবে জো বার্নসের ১৩৩ রানে ভর করে ৩৭৪-এ থেমেছে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়ে গেছে ৯০ রানের লিড।
তবে ইংলিশদের ইনিংসটা আরও আগেই থামতে পারতো। ৩০০ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে দলকে আরও অনেকটা দূর টেনে নেন লোয়ার অর্ডারের ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড। ব্রড ২৯ রানে আউট হন। ওকস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৭ রানে।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর নাথান লিয়ন। দুটি করে উইকেট জেমস প্যাটিনসন আর পিটার সিডলের।
৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ব্রডের শিকার হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৮)। এরপর দলীয় ২৭ রানে ব্যানক্রফট (৭) আউট হয়। ওসমান খাজা ব্যক্তিগত ৪০রানে আউট হলে তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১২৪ রান। এখন অস্ট্রেলিয়ার ভরসা হচ্ছে স্টিভ স্মিথ (অপরাজিত ৪৬) এবং তার সাথে চতুর্থ দিনে ব্যাট হাতে নামবে হেড (অপরাজিত ২১)।






















