খেলাধুলা ২২ অক্টোবর, ২০১৯ ০৮:৪১

সাকিব-তামিমদের ধর্মঘটে অনিশ্চিত ভারত সফর

ডেস্ক রিপোর্ট।।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো মিরপুরে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটের সিদ্ধান্ত আসতে পারে জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের কাছ থেকে। হয়েছেও তাই। ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।  

এর মধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে প্রথম শ্রেণির ক্রিকেটও অন্তর্ভুক্ত। অবশ্য বয়স ভিত্তিক ক্রিকেট এর আওতায় এখনো আসেনি। আন্দোলনকারীদের প্রতিনিধি হয়ে সাকিব নিজেই এ কথা জানিয়েছেন, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘জাতীয় দল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভুক্ত। তা আজ থেকেই কার্যকর। এখানে জাতীয় দলের প্রস্তুতি বলেন আর আন্তর্জাতিক বলেন সবগুলোই অন্তর্গত।’

এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের ভারত সফর। এ সময় মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। 

১১ দফা দাবির মধ্যে একটি ঘরোয়া ক্রিকেটে অরাজকতা।  সাকিব এ ইস্যুটি উল্লেখ করে বলেন, ‘এখানে আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। আমাদের প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণির ক্রিকেট কেমন এটা আমরা সবাই জানি। বিভিন্ন সময় পত্রিকায় এসেছে। ম্যাচে যাওয়ার আগে অনেক সময় জানা যায় যে কোন দল জিতবে বা কোন দল হারবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা ঠিক করা খুবই জরুরি।’

ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়েও সমালোচনা করেন সাকিব, ‘দুটি বা তিনটি ম্যাচে কেউ যদি বাজে সিদ্ধান্তের কারণে আউট হয়ে যায়- তাহলে তার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যায়। আমাদের পাইপলাইন ঠিক করা খুব জরুরি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।’