খেলাধুলা ২৭ অক্টোবর, ২০১৯ ০৫:৫৩

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে আমিও সামিল হয়েছি: মাশরাফি

ডেস্ক রিপোর্ট ।। 

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবারের (২৭ অক্টোবর) এই সম্মেলনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বিশেষ অতিথির বক্তব্যে মাশরাফি বিন মর্তুজা বলেন, আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন, তবে দুর্নীতি আপনার পাশে ঘেঁষতে পারবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নেমেছেন। আমিও প্রধানমন্ত্রীর সেই অভিযানে সামিল হয়েছি। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী গ্রুপিং করবেন না। আমরা এক ছাতার নিচে থেকে উন্নয়ন কাজ করতে চাই। আমি নড়াইলে আওয়ামী লীগকে সুসংঘটিত করবার চেষ্টা করব। 

এ সময় কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বলেন, আমরা প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে সামিল হয়ে দলকে তৃণমূলে সংঘটিত করবার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করব। আমরা সঠিক নেতৃত্ব বাছাই করব।

দলীয় সূত্র জনায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকাল ১০টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন (এমপি), কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু, প্রমুখ।