স্পোর্টস ডেস্ক ।।
ওয়েস্ট ইন্ডিজ এবার লজ্জা এড়াতে পারলো না। এক ম্যাচ হাতে থাকতেই ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে বসেছিল তারা। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ এড়ানোর জন্য। এবার সেটাও হলো না।
যুক্তরাষ্ট্রের প্রোভিডেন্সে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েই হোয়াইটওয়াশ মিশন শেষ করেছে বিরাট কোহলির ভারত। ম্যাচটি তারা জিতেছে ৭ উইকেট আর তাও আবার ৫ বল হাতে রেখে।
ভারতের জয়ের নায়ক উদীয়মান কিপার ব্যাটসম্যান রিশাভ পান্ত। ৪২ বলে ৪টি করে চার ছক্কায় ৬৫ রানের ঝড়ো এক ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
লক্ষ্য ১৪৭ রানের হলেও ২৭ রানের মধ্যে দুই ওপেনার শিখর ধাওয়ান আর লোকেশ রাহুলকে হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে তৃতীয় উইকেটে ১০৬ রানের ম্যাচ জেতানো এক জুটি গড়েন পান্ত। ৪৫ বলে ৫৯ করে আউট হন কোহলি। তবে পান্ত শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে ২৯ রান খরচায় ২টি উইকেট নেন ওসানে থমাস।





















