স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেটের সাম্প্রতিক সময়ে নানান ডামাডোলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) প্রসঙ্গ কিছুটা চাপাই পড়ে গিয়েছিল। ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে বিসিবির আয়োজনে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’ শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। আপাতত সেটি পাঁচ দিন পিছিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল শুরু হবে ১১ ডিসেম্বর, তার আগে ৮ ডিসেম্বর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের বিপিএল নিয়ে চাপান উতোর চলছিল বেশ কিছুদিন থেকে। ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে এবার বিগ ব্যাশের মডেলে বিশেষ বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত বেশ কিছু দিন আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১১ বা ১২ নভেম্বর ড্রাফটের সম্ভাব্য তারিখ ছিল। এর মধ্যে ক্রিকেটারদের আন্দোলন থেকে সাকিবের নিষেধাজ্ঞাসহ নানা ইস্যুতে কিছুটা চাপা পড়ে গিয়েছিল বিপিএল প্রসঙ্গ। ড্রাফটও পিছিয়ে যাচ্ছে, ১৭ নভেম্বর হবে ড্রাফট।
শুরুতে ৬ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সেটি এখন পিছিয়ে যাচ্ছে পাঁচ দিন। আগে ১১ জানুয়ারি ফাইনাল হওয়ার কথা থাকলেও এবার সেটি হবে তা এখনো নিশ্চিত করে বলা হয়নি।






















