খেলাধুলা ৮ নভেম্বর, ২০১৯ ০৩:১০

ক্রিকেটার যখন এক ম্যাচ খেলেই কোটিপতি!

স্পোর্টস ডেস্ক।। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। তবে ব্যাট-বলের খেলা ছাড়াও এ টুর্নামেন্টে চলে টাকার খেলা। কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের ভয়ঙ্কর সব ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টায় মগ্ন থাকেন দলগুলোর ফ্রাঞ্চাইজিরা। 

আইপিএলের নিলামে গেইল রাসেলরা যেমন চড়া দামে বিক্রি হয়, তেমনি কোহলি-রোহিতরাও পান কোটি কোটি টাকা। দলে দেশি ক্রিকেটার বেশি খেলাতে হয় বলেই নিলামে ভারতীয় ক্রিকেটারদের কদর বেশি থাকে। তবে সাধারণত জাতীয় দলে খেলা ক্রিকেটারদের কিনতেই প্রতিযোগিতা চলে বেশি। 

তবে নিলামের বাজারে কখনো কখনো অখ্যাত ক্রিকেটাররাও বাজিমাত করে। অখ্যাত ভারতীয় ক্রিকেটার বরুণ চক্রবর্তী তাদের মতোই একজন। সর্বশেষ আসরে কিংস ইলেভেন পাঞ্জাব ‘রহস্য স্পিনার’ খ্যাত বরুণকে দলে ভেড়ায় ৮ কোটি ৪০ লাখ রুপিতে, যা টাকায় প্রায় ১০ কোটি (৯ কোটি ৯৯ লাখ)। 

নিলামে বাজিমাত করলেও টুর্নামেন্টে খেলার সুযোগই পাননি তিনি। পাঞ্জাবের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন। ম্যাচে একটি উইকেটও শিকার করেছিলেন এ ক্রিকেটার। ম্যাচ না খেললেও টুর্নামেন্ট শেষে ঠিকই টাকা পেয়েছেন তিনি। ফলে এক ম্যাচ খেলেই কোটিপতি বনে গেছেন এ ক্রিকেটার।