খেলাধুলা ১৭ নভেম্বর, ২০১৯ ০২:২৯

আইপিএলে ফিরেই নেতৃত্বের দায়িত্ব পেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক।।

অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ আইপিএলে ফিরেই আবারও নেতৃত্বের দায়িত্ব ফিরে পেলেন। ট্রান্সফার উইন্ডোতে নিয়মিত অধিনায়ক আজিঙ্কা রাহানেকে দিল্লি ক্যাপিটালসের কাছে বিক্রি করে দিয়েছে রাজস্থান রয়্যালস। পর পরই নতুন মৌসুমে অজি তারকার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অতীতে রাজস্থানেরই ক্যাপ্টেন ছিলেন স্মিথ। সবশেষ ২০১৭ সালে দলটির অধিনায়ক ছিলেন তিনি। এর পর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারিতে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হন স্মিথ। যে কারণে ঐ বছর আইপিএলে অংশ নিতে পারেননি তিনি। তার পরিবর্তে সেবার অধিনায়কত্ব সামলান আজিংকা রাহানে।

উল্লেখ্য, এবার রাহানে দল পরিবর্তন করায় ফের স্মিথের হাতে দলের দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে এবারের আসরের নিলাম।