স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ জাতীয় দল ভারতের সাথে আশা অনুযায়ী ব্যর্থ হলেও ঘরের মাঠে দুর্বার বাংলাদেশ ইমার্জিং দল। সদ্য শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো হংকং সেই ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারে নি হংকং ইমার্জিং দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেএসপির ৩ নম্বর মাঠে নেপালের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।
সোমবারের (১৮ নভেম্বর) এই ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশি বোলারদের সামনে দুমড়ে-মুচড়ে পড়ে নেপালের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের সামনে ১৩৯ রানের লক্ষ্য দেয় দলটি। স্বল্প রানের এই লক্ষ্য ২৬ ওভার হাতে রেখেই তাড়া করে নাঈম শেখ, শান্তরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় সাদামাটা। দলীয় ৩৪ রানেই সাজঘরে ফিরে যায় বাঁহাতি ওপেনার সৌম্য সরকারক। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ১১ রান। এরপর ৭৯ রানের জুটি গড়ে দলের জয় সহজ করে দেন নাঈম-শান্ত। ৪৫ রানের ইনিংস খেলে নাঈম আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি।
এর আগে সুমন খান, মিনহাজুল আবেদীন আফ্রিদিদের অসাধারণ বোলিংয়ে ১৩৮ রানেই গুঁটিয়ে যায় নেপাল। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের বিধ্বংসী বোলিংয়ের মোকাবেলা করতে পারেননি নেপালের ব্যাটসম্যানরা। ৪৩.৩ ওভারেই সবকটি উইকেট হারায় দলটি। নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন নবম ব্যাটসম্যান হিসেবে নামা সোম্পাল কামি। তিনি ৩৮ রানের ইনিংস খেলেন।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল ইমার্জিং দল: ৪৩.৩ ওভারে ১৩৮/১০
বাংলাদেশ ইমার্জিং দল: ২৪ ওভারে ১৪০/২






















