স্পোর্টস ডেস্ক।।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রান করেন। সেঞ্চুরি করেছেন দুটি, হাফসেঞ্চুরি করেন মোট পাঁচটি। বল হাতে শিকার করেন মোট ১১ উইকেট। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া এই বাংলাদেশি পোস্টার বয়কে নিষিদ্ধ করেছে আইসিসি।
দ্বাদশ বিশ্বকাপে এমন দারুণ পারফরম্যান্স করায় ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পান সাকিব। যেখানে সবাইকে পেছনে ফেলে এরই মধ্যে এগিয়ে আছেন টাইগার অলরাউন্ডার।
৩২ বছর বয়সী এই তারকা ছাড়াও আরও তিনজন রয়েছেন এই তালিকায়। সাকিবের সঙ্গে ভারত আর্মি অ্যাওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
টুইটারে পোল পোস্টের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। এরপর ঘোষণা হবে বিজয়ীর নাম। গত ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে আরও কয়েকদিন।
ভোটিং লিস্টে দেখা যাচ্ছে- সাকিবের ধারে কাছেও কেউ নেই! যেখানে সাকিবের ভোট ৭৯ শতাংশ সেখানে স্টোকস পেয়েছেন কেবল ৯ শতাংশ; বাকি দুজন স্মিথ ৫ ও উইলিয়ামসন ৬ শতাংশ।
ভারতের ক্রিকেট সমর্থক গোষ্ঠী ভারত আর্মি প্রতি বছরই সমর্থকদের ভোটে এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোল পোস্টের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।





















