খেলাধুলা ৩০ নভেম্বর, ২০১৯ ১১:৫৭

পাকিস্তানের সেই সন্ত্রাসী হামলার ঘটনায় আজও আতঙ্কিত হন টফেল

স্পোর্টস ডেস্ক।।

ঠিক দশ বছর আগে ২০০৯ সালের মার্চে লাহোর টেস্টের তৃতীয় দিনে হোটেল থেকে মাঠে যাওয়ার পথে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়। তাতে আহত হয়েছিলেন বেশ কয়েক জন লঙ্কান ক্রিকেটার। সেই সময় ছিলেন আম্পায়ার সাইমন টফেলও। ওই ঘটনার পর থেকে আজও বড় কোনো শব্দে এখনো আতঙ্কিত হন এই অজি আম্পায়ার। 

সম্প্রতি নিজের লেখা ‘ ফাইন্ডিং দ্যা গ্যাপস’ বইয়ে ওই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার এমনটাই জানান। 

সাইমন টফেল লেখেন, ‘সেদিন থেকে যেকোনো জোরে আওয়াজ কিংবা গুলির শব্দ আমাদের উদ্বিগ্ন করে তোলে। সেদিন নাস্তার টেবিলে ফ্লোরে আঘাত করা চামচের শব্দ এখনো আমাদের নিস্তব্ধ করে দেয়। আগেই চিন্তা করেছি এমন বিপর্যয়ের মধ্য দিয়ে কাজ করতে আমাদের বেশ সময় লাগবে, এমনকি এই ঘটনা পেছনে ফেলে সামনে এগোতে পারব কিনা এ নিয়েও ছিল সন্দেহ।’

তিনি আরও যোগ করেন, ‘এখনো আতশবাজি, বন্দুকের শব্দ কিংবা উচ্চ শব্দ তৈরি করে এমন সব আওয়াজই আমার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।’

সিরিজ শুরুর (২০০৯ সালের ওই সিরিজ) আগেই শঙ্কিত ছিলেন উল্লেখ করে টফেল বলেন, ‘সিরিজ শুরুর আগেই আমি, স্টিভ ডেভিস ও ক্রিস (ক্রিস ব্রড- ঐ ম্যাচের রেফারি) পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম এবং আইসিসির সাথেও যোগাযোগ করি কিন্তু তারা আমাদের আশ্বস্ত করেন।’

টফেল আরও যোগ করেন, ‘সিরিজের প্রথম ম্যাচ করাচিতে কোনো সমস্যা ছাড়াই শেষ হয় তবে ম্যাচ শেষের পরই আমরা আঁচ করতে পারি লাহোরে বাজে কিছু হতে যাচ্ছে। ফলে দ্বিতীয় ম্যাচটিও করাচিতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।’ 

উল্লেখ্য, বছর ১০ আগে শ্রীলঙ্কা দলের উপর ওই সন্ত্রাসী হামলার কারণে ঘরের মাঠে ক্রিকেট আয়োজন থেকে এক রকম নির্বাসিতই ছিল পাকিস্তান। যদিও গত কয়েক বছরে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে দিয়ে সংক্ষিপ্ত সংস্করণে ঝটিকা সফর করাতে পেরেছে তারা। তবে এখনো টেস্ট ম্যাচ আয়োজন করতে পারেনি। এক দশক পর আবার দেশটিতে ফিরছে টেস্ট ক্রিকেট। সফর করবে সেই শ্রীলঙ্কাই। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।