খেলাধুলা ৬ অক্টোবর, ২০২০ ০২:৪৫

টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক 

বাকি নেই তিন সপ্তাহও। এরপরই উঠে যাচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়েই মাঠে ফিরতে পারবেন সাকিব।

টেস্ট দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের। শ্রীলঙ্কার সঙ্গে স্থগিত হওয়া টেস্ট সিরিজেই সাকিবকে খেলানোর ইচ্ছা ছিল বিসিবির। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছা ছিল, সাকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলাবেন।

সে লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরেই বিকেএসপিতে নিবিড় অনুশীলন শুরু করেছিলেন সাকিব। কিন্তু এরই মধ্যে যখন শ্রীলঙ্কা সফর বাতিল হলো, তখন সাকিব আর দেশে বসে থাকে ফিরে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার স্ত্রী এবং দুই কন্যার কাছে।

এরই মধ্যে আজ বিসিবি সভাপতি ঘোষণা দিলেন, মধ্য নভেম্বরে পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন বলেন, অবশ্যই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব।

বিসিবি সভাপতি এখনও নিশ্চিত নন, পাঁচ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করপোরেট লিগ নাকি বিসিবি লিগ। মাশরাফির প্রসঙ্গ আসার পর বিসিবি বিগ বস জানিয়েছিলেন, সামনের তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট নয়, নেক্সট এভেইলেবল টুর্নামেন্টেই খেলবেন মাশরাফি।

বিসিবি সভাপতি জানিয়েছেন, পাঁচ দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। বিদেশি ক্রিকেটারও খেলতে পারে সেখানে। প্রতিটি দলে ১৫ জন করে ৭৫ জন খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে পারি। বিদেশি নেব কি নেব না পরে বসে ঠিক করবো। এই পাঁচ দলের টুর্নামেন্টে খেলবেন সাকিব এবং এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরা হবে তার।