স্পোর্টস ডেস্ক
সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আলোড়ন তুলেছে গোটা দেশ জুড়ে। এমন পরিস্থিতিতে পালন করা হচ্ছে ধর্ষণবিরোধী নানান কর্মসূচী। ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে ও সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তারা।
মুশফিক আহ্বান জানিয়ে বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।
মাহমুদউল্লাহ বলেন, এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং মুখোশ খুলে দেই।
তামিম বলেন, নিজ নিজ পরিবারের নারীর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।
মুমিনুল হক বলেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’
সৌম্য বলেন, ‘নারীকে সম্মান করুন এবং সত্যিকারের মানুষ হোন।’
এই ভিডিও বার্তায় মাশরাফি না থাকলেও আগেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন তিনি।






















