খেলাধুলা ১০ অক্টোবর, ২০২০ ০৩:০৪

পাঞ্জাবের জয় কেড়ে নিলো কলকাতা

স্পোর্টস ডেস্ক

১৬৫ রানের লক্ষ্যে শেষ ২৪ বলে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ৯ উইকেট। লোকেশ রাহুলের দলের জয়টা তখন কেবল সময়ের ব্যবধান মাত্র। সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটা ২ রানে জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

১৯তম ওভারের শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন রাহুল। ৫৮ বলে ৬ বাউন্ডারিতে ৭৪ রান করা এই ওপেনার প্রসিধ কৃষ্ণার ওই ওভারে আউট হন, পাঞ্জাবও হঠাৎ ছিটকে পড়ে ম্যাচ থেকে।

শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ১৪ রান। ক্যারিবীয় স্পিনার সুনিল নারিনের ওই ওভারে ১১ রান তুলতে পারে রাহুলের দল, তার আগে ১৮তম ওভারে এই নারিনই মাত্র ২ রান খরচ করে নেন ১টি উইকেট। শেষপর্যন্ত ৫ উইকেটে ১৬২ রানে থেমে যায় পাঞ্জাব।

ইনিংসের শুরুতে দুই ওপেনার রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল ১৪.১ ওভারে করেছিলেন ১১৫ রানের জুটি। সেখান থেকে নানা নাটকীয়তায় শেষটায় কাঁদতে হলো পাঞ্জাবকে।

এর আগের ইনিংসে শুভমান গিল আর দিনেশ কার্তিকের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৬৪ রান তুলে কলকাতা। অথচ টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদেই পড়েছিল তারা। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দলটি। রাহুল ত্রিপাথি ৪ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন। ২ রানে রানআউটের শিকার নিতিশ রানা।

ইয়ন মরগ্যানকে নিয়ে সেই বিপদ কিছুটা সামলে ওঠেন শুভমান গিল। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে রবি বিষ্ণুর শিকার হন মরগ্যান, ২৩ বলে ইংলিশ ব্যাটসম্যান করেন ২৪ রান।