স্পোর্টস ডেস্ক
এক দিনে দুটি প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছিল আব্দুল্লাহ হেল বাকীকে। প্রতিযোগিতা অনলাইনে হলেও সাফল্য এসেছে দুটিতেই।
আজ রবিবার বিকালে শেখ রাসেল অনলাইন এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন। একই দিন সকালে ইন্দোনেশিয়ার জাতেং অনলাইন শুট সিরিজেও অংশ নিয়ে তৃতীয় হয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রতিযোগিতায় বাকীর স্কোর ছিল- ৫৯৫। আর প্রথম হওয়া বলো ত্রিয়ান্তোর স্কোর-৬০০। ৫৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছেন ইউসুফ ইসিমা।
বাকীদের কোচ গোলাম মহিউদ্দিন শিপলু এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘বাকী একই দিনে দুটি ব্রোঞ্জ পদক জিতলো। ইন্দোনেশিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়ে অংশ নিয়ে তৃতীয় হয়েছে। আর শেখ রাসেল অনলাইনে কী হয়েছে, সেটা তো সবাই-ই জানে। এটা ভালো দিক যে বাকী সাফল্য পাচ্ছে। তবে ওর কাছ থেকে আরও ভালো ফল প্রত্যাশা করি।’
পদক জয়ী বাকী বলেছেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরে শীর্ষ তিনে জায়গা করে নিতে পেরেছি। এমন সাফল্যে আমি খুব আনন্দিত।’





















