অপরাধ ও দুর্নীতি ২৩ অক্টোবর, ২০২০ ০৯:৪১

চাকরি দেয়ার নামে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক    
   
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মাল্টিন্যাশনাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. অলি উল্লাহ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গতকাল সন্ধ্যায় পূর্ব নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ ঢাকায় বিভিন্ন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূলহোতা অলি উল্লাহ। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, চক্রটি মূলত বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও তথ্য ব্যবহার করে ফেক আইডি খুলে প্রতারণা করে আসছিল। সর্বশেষ তারা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, হেড অব মার্কেটিংয়ের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দেয় এবং কোটায় চাকরির ব্যবস্থা করে দেবে বলে মোটা অংকের টাকা নিয়ে ভুক্তভোগীদের কাছে জাল নিয়োগপত্র পাঠায়। এছাড়া কোম্পানির ডিলারশিপ প্রদানসহ ফেসবুকে পণ্য সরবরাহের চটকদার পোস্ট করে অগ্রিম টাকা নিয়ে চক্রটি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পাশপাশি তার সহযোগী অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।