অপরাধ ও দুর্নীতি ২৩ আগস্ট, ২০১৯ ১২:১২

এডিস মশা নির্মূলে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত 

ডেস্ক রিপোর্ট ।। 

আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এডিস মশা নির্মূলের লক্ষ্যে বেলা সাড়ে ১০টায় গুলশান-বাড্ডা লিংক রোড থেকে ১১৩নং সড়ক পর্যন্ত “এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান” (চিরুনি অভিযান) চালানো হয়। এ সময় ১১৩নং সড়কে একটি নির্মাণাধীন ভবনে এবং ‘হাশেম ইলেকট্রিক’ নামক একটি প্রতিষ্ঠানের ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১১৫নং সড়কে ‘হারমোনি হোল্ডিংস’ এর ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য আজ ‘চিরুনি অভিযানে’ ২৬১টি বাড়ি পরিদর্শন করে ১৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ বাড়িগুলোর সামনে “সাবধান, এ বাড়িতে/প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়াছে” লেখা স্টিকার লাগানো হয়। গত ২০ আগস্ট থেকে আজ পর্যন্ত ১৯নং ওয়ার্ডের (গুলাশান-বনানী) মোট ৬৫৮টি বাড়ি পরিদর্শন করে ৫৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

আরো পড়ুন: দেশে যেভাবে তৈরি হচ্ছে বিদেশী ভেজাল মদ

এ ছাড়া এডিস মশার লার্ভা পাওয়ায় বারিধারা জে ব্লকে ‘গালফ অটো কারস লিমিটেড’ এর মালিককে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুরের টোলারবাগে পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাষানটেকে ৪টি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বারিধারা ‘জে’ ব্লকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় এবং ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে সর্বমোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।