ডেস্ক রিপোর্ট
চাঁদপুরের মতলব পৌরসভায় গলা কেটে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। বুধবার রাতে পৌরসভার উত্তর বাইশপুর এলাকা থেকে সামছুন নাহার (৬৫) নামের এই বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত রহিম মুন্সির মেয়ে নিহত শামসুন্নাহার তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। ঘটনার দিন নিহতের স্বামী আব্দুর রাজ্জাক চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন। বুধবার সকালে নিহতের ছোট ভাই মৃত বোরহানউদ্দিন মুন্সির ছেলে পারভেজ (২৮) তার ফুফুর সঙ্গে দেখা করার জন্য আসেন।
ওই বাড়ির একাধিক ব্যক্তি জানান, ঘটনার দিন সকালে পারভেজ তার ফুফু শামসুন্নাহারের সঙ্গে ঝগড়া করে এবং দুপুরের পর বাড়ি থেকে চলে যায়। সে বাড়ি থেকে চলে যাওয়ার পর শামসুন্নাহারকে ঘরের বাইরে বের হতে আর দেখা যায়নি। সন্ধ্যার আগ মুহূর্তে হাঁস-মুরগি ঘরে নেওয়ার জন্য বাড়ির এক মহিলা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পাননি।
পরে বাড়ির কয়েকজন দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে শামসুন্নাহারের গলাকাটা লাশ দেখতে পায়। বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে জানায় তারা। এমন সংবাদের পরপর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান।
এই নিয়ে মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই রাতেই সিআইডি ও পিবিআইয়ের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ।
ওসি আরো বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে ইতোমধ্যেই পারভেজ তার মায়ের কাছে স্বীকার করেছে। তাই এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আমরা তাকে গ্রেফতার করেছি।






















