অপরাধ ও দুর্নীতি ৩ নভেম্বর, ২০২০ ০১:০৫

ভুয়া চিকিৎসক দম্পতিকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নাটোরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের নেতৃত্বে শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান চালায়।

অনুমোদন ছাড়া পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি। এ ছাড়া সেখানকার দুই ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে চিকিৎসা প্রদান করছিল।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং ভুয়া চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।