অপরাধ ও দুর্নীতি ৪ নভেম্বর, ২০২০ ০২:১৫

১০ লাখ টাকা‌র নকল ওষুধ জব্দ,কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক 

কি‌শোরগ‌ঞ্জের বি‌সিকে অভিযান চা‌লি‌য়ে নকল ওষুধ তৈ‌রির এক‌টি কারখানা সিলগালা করেছে জাতীয় ওষুধ প্রশাস‌ন অধিদপ্ত‌রের ভ্রাম্যমাণ আদালত। এসময়ে বিপুল প‌রিমাণ নকল রে‌নি‌টে‌ডিন ওষুধ জব্দ ক‌রা হয়।

গত কাল সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূ‌ল্যে‌র ভেজাল ওষুধ জব্দ করা হয়। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। তবে কাউকে আটক করা হয়নি।

দীর্ঘ‌দিন ধ‌রে প্রশাস‌নের চোখ ফাঁকি দি‌য়ে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মা‌রিয়া এলাকায় বি‌ভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ তৈ‌রি করছিলো ইস্ট‌বেঙ্গল ইউনানী ল্যাব‌রেট‌রিজ না‌মে এক‌টি প্রতিষ্ঠান। বিভিন্ন কোম্পানির নকল লোগো ব্যবহার করে গাস্ট্রিক এবং ভিটামিনের ভেজাল ওষুধ বানিয়ে আসছে এ প্রতিষ্ঠানটি।

কি‌শোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকা‌রি প‌রিচালক মো. নূরুল আলম বলেন, 'তাদের এই প্রস্তুতকৃত নকল ওষুধগুলো দেশের বিভিন্ন জেলায় যেমন, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, পিরোজপুর জেলাগুলোতে সরবরাহ করছে। ওষুধ প্রস্তুতের মূলহোতাদের কাউকে পাওয়া যায়নি। তাই আমরা কাউকে গ্রেফতার করার বা জরিমানা করার সিদ্ধান্ত নেইনি।'