নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) মো. জাকির হোসেন।
এ ছাড়া আজ শুক্রবার ভোরে পৃথক আরেকটি অভিযানে দুই লাখ ৬৩ হাজার টাকার জালনোটসহ দুজনকে আটক করার কথা জানান তিনি।
আজ শুক্রবার সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে ডিসি জাকির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চান্দনা মধ্যপাড়ায় দেলোয়ার নামে এক ব্যক্তির টিনশেড বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
আটকৃতরা হলেন- আরিফ হোসেন (২২), সোহেল (২৮), সুমন মিয়া (২৮), মিজান (২৯), শহীদুল্লাহ (২৪) ও শাহজালাল (২৪)। তারা সবাই নগরীর চান্দনা মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আটক ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি ছোরা, লোহার রড, রশি ও ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বাসন থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিসি জাকির।
অপরদিকে পৃথক অভিযানে আজ শুক্রবার ভোর ৪টার দিকে চান্দনার একটি বাড়ি থেকে মাজহারুল ইসলাম নামে এক যুবকের কাছ থেকে দুই লাখ ৬০ হাজার টাকার জালনোট ও শাপলা আক্তার নামে এক নারীর কাছ থেকে তিন হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।






















