সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের পর ভিডিও করার অভিযোগ পাওয়া গেছে। পরে তা ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে আবার মেয়েটিকে তিনজন মিলে ধর্ষণ করে আসছিল বলে অভিযোগে বলা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
পুলিশ জানায় এক মাসে আগে একদিন ওই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। ইউসুফ আলী (১৮) নামের এক তরুণ ও তাঁর দুই সহযোগী তাকে তুলে নিয়ে যান। পরে এক কিশোরের বাড়িতে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও ইউসুফ আলীর মোবাইল ফোনে ধারণ করা হয়। এরপর থেকে সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই তিনজন মেয়েটিকে ফের ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফ আলীকে আটক করেন। এ সময় অপর দুই কিশোর পালিয়ে যায়। আজ বুধবার ইউসুফকে পুলিশে সোপর্দ করা হয়। ইউসুফ পেশায় ভ্যানচালক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এ ঘটনার পরে ছেলেদের অভিভাবকেরা তাঁর কাছে এসেছিলেন। তাঁদের তিনি জানিয়ে দিয়েছেন, বিষয়টি থানা–পুলিশের বিষয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তিও দাবি করেন তিনি।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মজিদ বলেন, এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






















