সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক নার্স। হামলার শিকার ওই নার্সের (সিনিয়র স্টাফ) নাম শ্রাবণী কুচ। গতকাল শুক্রবার রাতে তার ওপর হামলা চালানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে দুই দুর্বৃত্ত হাসপাতালের ৬ তলার মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে এসে পারভীন নামের আয়াকে খুঁজতে থাকেন। এ সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান, আয়া পারভীন এখানে নেই। একপর্যায়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং গলায় ধারালো অস্ত্র ধরেন। পরে তিনি আত্মরক্ষার্থে চিৎকার দিলে তার বাম হাতে অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান।
এ ঘটনার পরপরই হাসপাতালের কর্তব্যরত নার্স সদস্যরা বিষয়টি আবাসিক চিকিৎসক রফিকুল ইসলামকে মৌখিকভাবে জানান। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আহত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান, অজ্ঞাত পরিচয় দুই যুবক পারভীন নামের এক নারীর ঠিকানা জানতে চায়। তাঁর সম্পর্কে কোন তথ্য ও দিতে না পারায় যুবকরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে গলায় ধারালো ছুরি ধরেন। পরে তিনি আত্মরক্ষার্থে বাম হাত দিয়ে গলা থেকে ছুরি সরাতে গেলে দুর্বৃত্তরা তার বাম হাতের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে ঘটনাটি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















