অপরাধ ও দুর্নীতি ১৫ জানুয়ারি, ২০২১ ০৬:২৩

নওগাঁয় নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর শিবপুর থেকে ১৪৩৫ পিস নেশাজাতীয় ইনজেকশন বুপ্রেনরফিনসহ তিন জনকে আটক করেছে র‍্যাব-৫।

গত মঙ্গলবার বাইপাস ব্রিজের মোড় এলাকায় রাত ৮টায় এ অভিযান পরিচালনা করেন জয়পুরহাট র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ

আটককৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলা সিংবাছা গ্রামের ইয়াছিন প্রামাণিকের ছেলে অটোরিকশা চালক বিল্লাল হোসেন (৪০), নাটোর জেলার চক বৈদ্যনাথপুর (পশ্চিম বরগাছা) গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম (৪৩) ও সূর্যবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৮)।

র‍্যাব-৫ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদে র‍্যাবের সদস্যরা নওগাঁ সদর উপজেলার শিবপুর বাইপাস ব্রিজের মোড় (চারমাথা মোড়) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি অটোরিকশা থামিয়ে সন্দেহমূলক তল্লাশি করা হয়। পরে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ও দুলাল সরদারসহ অটোরিকশার চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম ও দুলাল সরদার দিনাজপুর, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন অবৈধভাবে সংগ্রহ করে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

তিনি আরো বলেন, রফিকুল ইসলাম পাকশী এবং সান্তাহার রেল স্টেশন এলাকায় প্রায় ২২ সদস্যের একটি চুরি ও ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে আসছে।