নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এই অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যায়। গতকাল রোববার বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হলেন- ইসদাইর এলাকার মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার মিজানুর রহমান মধু (৪৩)।
ওই রাতেই গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হাজির করে র্যাব। পরে র্যাবের নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাজধানীর লালবাগ ক্যাম্পের র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালের বাড়ি থেকে ওই দুজনকে গ্রেফতার করে।
এ সময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্ট নামে আরো দুজন ওই বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুজনের কাছ থেকে একটি কার্টন উদ্ধার করে। ওই কার্টনের ভেতর থেকে ২টি কাচের জারে তরল ও ৪টি কাচের জারে পাউডার জাতীয় ‘সাপের বিষ’ উদ্ধার করে। এসবের আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ এনে বিক্রি করেন। তাদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।






















