নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলার সাভার থেকে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি নুরুল ইসলাম ওরফে নুরুকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আজ মঙ্গলবার র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ওইদিন রাত ১০টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন কাঞ্চনপুরে জনৈক অভিযান পরিচালনা করে ২ হাজার ১০ পিস ইয়াবা এবং একটি টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মো. নুরুল ইসলাম ওরফে নুরুকে (৫৮) গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ক্রয় করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






















