নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথক দু’টি অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ চারজন আটক হয়েছে। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
অস্ত্র-গুলিসহ আটককৃতরা হলেন-নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের সুব্রত কুমার (৩৬) ও একই উপজেলার ধঞ্জয়পুর গ্রামের বায়েজিদ হোসেন (২৬)।
গাঁজাসহ আটককৃতরা হলেন-বগুড়ার আদমদিঘী উপজেলার দোহারপুর গ্রামের দুই ভাই ইমরান হোসেন (২২) ও এনামুল হোসেন (২৪)।
জানা যায়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা বাজার এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।
রাতে অপর এক অভিযানে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে ২৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয় নগদ ৪ হাজার ৪৫০ টাকা, একটি মোবাইল ও দুটি ট্রাভেল ব্যাগসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা এম এম মোহাইমেনুর রশিদ জানান, এ ঘটনায় আটক অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দি আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুসারে এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
সূত্র: বাংলা নিউজ






















