ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর লালমাটিয়া জামে মসজিদ ও মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মসজিদ কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদকের সহকারী পরিচালক মো. মজিবুর রহমানকে অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞাকে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, লালমাটিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সম্পাদক দৌলত আহমেদ ও কোষাধ্যক্ষ কাজী গোলাম মোর্শেদ ফারুকী পরস্পরের যোগসাজশে মসজিদ ও মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে প্রায় অর্ধ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। এর মধ্যে মসজিদ ও মাদ্রাসার নামে বিভিন্ন কেনাকাটার নামে জাল রসিদ দেখিয়ে কয়েক লাখ টাকা আত্মসাতের তথ্য রয়েছে দুদকের কাছে। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে মাদ্রাসার অনুকূলে সরকারি জমি বরাদ্দ নেওয়ার নামে মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে ৩০ লাখ টাকা তুলে নিয়ে আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর এসব সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। একই সঙ্গে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে কমিশনে দাখিল করার নির্দেশ দেওয়া হয়।






















