অপরাধ ও দুর্নীতি ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২৫

শাহজালালে ৮ হাজার পিস ইয়াবা বহনকালে নারীসহ  আটক ৩

ডেস্ক রিপোর্ট ।।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  আট হাজার পিস ইয়াবা বহন করার সময় এক নারীসহ ৩ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।  তিনটি পৃথক ঘটনায় এ তিন জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ ফারজানা আক্তার মীমকে (১৪) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০টি এয়ার টাইট প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।  অপর এক ঘটনায় শুক্রবার দুপুর ২টায় মোঃ ইয়ামিনকে (৩২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুর পাড় থেকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে, বিকাল ৩টার দিকে মোঃ শরিফুল ইসলামকে (২৬) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের পাশ থেকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের মধ্যে ফারজানা আক্তার মীম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বেপারী হাটের আবুল হাশেমের কন্যা এবং ইয়ামিন বরিশাল জেলার হিজলা থানার শ্রীপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদারের পুত্র। তাছাড়া আটক শরিফ (২৬) ঢাকা মেট্রোর শ্যামপুর থানার গেন্ডারিয়ার দক্ষিণ মীর হাজীরবাগ এলাকার মৃত তবারক হাওলাদারের পুত্র। এছাড়াও মোঃ ইয়ামিনের নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ইয়াবার আরো একটি মামলা আছে বলে জানানো হয়েছে। 

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা মূলত বহনকারী। এই মালামাল আটককৃতদের কাছ থেকে মূল মালিকের প্রতিনিধি এসে নিয়ে যাওয়ার কথা ছিলো। 

বিমানবন্দর আর্মড পুলিশ জানান, আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এছাড়াও তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।