নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল আলী (৫০), আরিফ হোসেন (৩৩), সুজন মিয়া (৩৫), বাবুল মিয়া (৩৫), রাজ্জাক (৪৫), জাহাঙ্গীর (৪২), শরীফুল ইসলাম (২৫), সাইফুল ইসলাম (১৮), শামীম মিয়া (৩০), মোবারক (৩০), মতিন (৩৫), মজিবুর (৩৭), কাজল (৩৫), মুজিবুর (৩০), আবুল হাশেম (৪৬), হেলাল মিয়া (৪৮) ও রফিকুল ইসলাম(২৫)। তারা সবাই জেলার সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, সোমবার রাতে উপজেলার ভবানীপুর এলাকায় আব্দুল আলীর বাড়িতে প্রকাশ্যে জুয়া খেলার আসর বসায় অভিযুক্তরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির মালিকসহ ১৭ জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।






















