নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার রাতে রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তুরাগ কমিউনিটি ট্রেনে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তারা হলো- নাইম (২৫), সুমন (২১), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ (২২)।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনকে আজ শনিবার বিকেলে আদালতে নেওয়া হয়েছে। কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’
পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে। ঘটনার সঙ্গে জড়িত আরেকজন এখনো পলাতক।





















