নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মনিন্দ চন্দ্র সরকার (৫০) নামে এক মাদক কারবারিকে ৫০ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৩০ অক্টোবর) খবর আসে, হবিগঞ্জ থেকে কয়েকজন কারবারি অবৈধ মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকার দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে মনিন্দ চন্দ্র সরকারকে আটক করা হয়।
এএসপি নোমান আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।
আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আমাদেরকাগজ/এইচএম






















