অপরাধ ও দুর্নীতি ২ নভেম্বর, ২০২২ ১২:৩৪

সম্পাদক এরতেজা হাসানের রিমান্ডের আবেদন

নিউজ ডেস্ক : জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু-তদন্তের জন্য দুইদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনর্চাজ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসআই নাহিদ হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু-তদন্তের জন্য দুইদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দুপুরের দিকে রিমান্ড শুনানির জন্য তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উঠানো হবে।

জালিয়াতি ও প্রতারণার একটি মামলায় মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

জানা যায়— আশিয়ানের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটির জমি নিয়ে বিরোধ। রাজধানীর ফার্মগেটে যে ভবনে ভোরের পাতার কার্যালয়, সেখানেই আগে নর্দার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল।

আশিয়ানের মামলায় নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে এর আগে গ্রেফতার করেছিল পিবিআই। রিয়াজুল আলম নামে আরেকজনকেও গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজী এরতেজাকে গ্রেফতার করা হয়।