ডেস্ক রিপোর্ট ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে শাখা ছাত্রলীগের দুই নেতার ফোনালাপ ফাঁস হয়েছে। রাব্বানীর সঙ্গে কথা বলা জাবি ছাত্রলীগ নেতার পরিচয় এবং ফোনালাপ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন।
প্রথমজন হলেন হামজা রহমান অন্তর সহ-সভাপতি আর পরের জন সাদ্দাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
গণমাধ্যমের খবরে ৯ আগস্ট উপাচার্যের সঙ্গে টাকা ভাগের বৈঠকে যে চার ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন বলে প্রকাশ হয়েছে ফোনালাপকারী ছাত্রলীগ নেতা সাদ্দাম তাদের মধ্যে একজন।
ফোন আলাপে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সভাপতি নিয়ামুল হক তাজ, ছিলেন ওই মিটিংয়ে।
একই সঙ্গে এই দুর্নীতির সঙ্গে উপাচার্যের ছেলে, স্বামী, ব্যক্তিগত সচিব ও প্রকল্প পরিচালকের সংশ্লিষ্টতা দেখানো হয়েছে। ৬ মিনিট ১১ সেকেন্ডের ওই অডিওতে কীভাবে, কারা, কত টাকা পেয়েছে সেটাও নিশ্চিত করা হয়েছে।
গণমাধ্যম ও শাখা ছাত্রলীগের সূত্রমতে, ৯ আগস্ট যে চারজন ভিসির বাসায় টাকা ভাঁটোয়ারার জন্য গিয়েছিলেন তাদের মধ্যে সাদ্দাম হোসেনও ছিলেন।






















