নিজস্ব প্রতিবেদক।।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ছোটদাপ এলাকা থেকে আজ শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী।
নিহত স্কুলছাত্রীর নাম সাদিয়া সামাদ (১৪)। সে ছোটদাপ এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুস সামাদের মেয়ে। স্থানীয় আটোয়ারী সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।
এদিকে স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাদিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে আটোয়ারী থানায় প্রতিবেশী তিন কিশোরকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি এখনো পলাতক।
নিহত স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক কিশোর সাদিয়াকে অনেক দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় একাধিকবার সাদিয়াকে হুমকি দেয় সেই কিশোর। সম্প্রতি সাদিয়াকে নিয়ে এক বন্ধুর সঙ্গে ওই কিশোরের মারামারির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাদিয়াদের বাড়িতে যায় ওই কিশোর। সাদিয়ার জন্যই তাকে মার খেতে হয়েছে এমন কথা বলে রাতের মধ্যেই ‘কিছু একটা’ করার হুমকি দেয় সে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিখোঁজ হয় সাদিয়া। রাতভর খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির পেছন দিকের পুকুরে সাদিয়ার লাশ ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।






















