অপরাধ ও দুর্নীতি ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:১৮

পুলিশের সহায়তায় পালান ক্যাসিনোর নেপালিরা

ডেস্ক রিপোর্ট 

রাজধানীর ক্যাসিনোতে অভিযান চালানোর পর সেখানে কর্মরত নেপালিরা পালিয়েছে। তাদের পালাতে সহায়তা করেছে খোদ পুলিশ। প্রথম আলো এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে যেসব ক্যাসিনো চলত, সেগুলো চালাতেন নেপালের নাগরিকেরা। প্রায় ১০০ জন নেপালি এ কাজ করতেন। তাদের বেশির ভাগই রাজধানীর সেগুনবাগিচার একটি বাসায় থাকতেন। গত বুধবার ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কয়েকজন পুলিশ সদস্য তাদের পালিয়ে যেতে সহায়তা করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ শনিবার র‍্যাব সদস্যরা জব্দ করেন।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয় গত বুধবার। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে ওই দিন মতিঝিলের ইয়ংমেনস, ওয়ান্ডারার্স, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে অভিযান চালানো হয়। ওই দিন এসব ক্লাব সিলগালা করে দেয়া হয়।

সূত্র জানায়, ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত নেপালিরা সেগুনবাগিচার সামিট হাসান লজ নামের একটি বাসার ফ্ল্যাটে ছিলেন। গত বুধবার ক্যাসিনো অভিযানের সময় রাত ১০টা ৩৯ মিনিটে ওই বাসায় একজন সাব-ইন্সপেক্টরসহ তিনজন পুলিশ সদস্য যান। তারা ওই ফ্ল্যাটে ৫০ মিনিট অবস্থান করে বেরিয়ে যান। এর পরপরই ১৫ নেপালি খালি হাতে ফ্ল্যাট ছেড়ে চলে যান।

ওই বাসার দুই নিরাপত্তাকর্মী মামুন ও উজ্জ্বল বলেন, পুলিশ সদস্যরা তাদের পরিচয় দিয়ে নেপালিদের ফ্ল্যাটে যেতে চেয়েছিলেন। এ সময় তারা পুলিশের সঙ্গে সেখানে গেলেও পুলিশ সদস্যরা তাদের ফ্ল্যাটের ভেতরে ঢুকতে না দিয়ে চলে যেতে বলেন। ভবনে সিসিটিভি ক্যামেরায় এর ফুটেজ আছে।