অপরাধ ও দুর্নীতি ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:২৬

রাজধানীতে মধ্যরাতে র‌্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত

ডেস্ক রিপোর্ট ।।

রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার সামনে ছিনতাইকারীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাবের গুলিতে অজ্ঞাত এক ছিনতাইকারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক ছিনতাইকারী আহত হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী ইস্টার্ন প্লাজার সামনে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করেন র‌্যাব সদস্যরা। পরে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে র‌্যাব। এতে ঘটনাস্থলেই এক ছিনতাইকারী মারা যায়।

তিনি আরও জানান, গোলাগুলির ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হলেও ৩য় জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের চালিত মোটরসাইকেল, অস্ত্র ও ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সেই ব্যাগটি উদ্ধার করা হয়। হাসান (৩৫) নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে র‌্যাব কর্মকর্তারা।