অপরাধ ও দুর্নীতি ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:২৯

১২ জেলায় ক্যাসিনো বাণিজ্যের সন্ধান: চলছে অভিযান

ডেস্ক রিপোর্ট।। 

আইন প্রয়োগকারী সংস্থা দেশে অন্তত ১২ টি জেলায় ক্যাসিনো বাণিজ্যের সন্ধান পেয়েছে । একাধিক সূত্র থেকে জানা গিয়েছে  ঢাকা এবং চট্টগ্রামের অপারেশন শেষ হওয়ার পর এসব জেলাতেও অপারেশন পরিচালনা করা হবে।   

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ সেপ্টেম্বর থেকে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, সেই অভিযানে অবৈধ ক্যাসিনো, টেন্ডারবাণিজ্য, সন্ত্রাস ইত্যাদির বিরুদ্ধে অভিযান চলছে। ইতিমধ্যে ঢাকায় অনেকগুলো ক্যাসিনোতে অভিযানও হয়েছে। ঢাকার ক্যাসিনো সাম্রাজ্য একেবারে তছনছ করে দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। চট্টগ্রামেও চালানো হয়েছে অভিযান। সেখানেও যেসব ক্লাবে ক্যাসিনো হতো, সেই সমস্ত ক্লাবগুলোর ক্যাসিনো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো ছাড়াও যেসব জেলায় ক্যাসিনো রয়েছে, তার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ সহ আরও কিছু জেলা। এর মধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেটে শিগগিরই অপারেশন চালানো হবে বলে আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ঢাকা এবং চট্টগ্রামের মতো এসব জুয়ার আড্ডাও পরিচালিত হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পৃষ্ঠপোষকতায় এবং তত্ত্বাবধানে।