অপরাধ ও দুর্নীতি ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৩

এবার ৪৬ লাখ ভারতীয় রুপিসহ মিলল দুই লাগেজে

ডেস্ক রিপোর্ট ।।

এসএ পরিবহনের কাকরাইল শাখা থেকে দু'টি লাগেজ থেকে প্রায় ৪৬ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় রুপি আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এগুলো আটক করা হয়। এসময় লাগেজের দুই প্রাপক/গ্রহীতাকেও গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, দুবাই থেকে বাংলাদেশে আসা রুপিসহ দু'জনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইলের এসএ পরিবহনের শাখা থেকে জব্দ করা হয় রুপিগুলো।

এক বার্তায় ডিএমপি জানায়, এই দু'টি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে লাগেজ দু'টি এসএ পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে দু'জন লাগেজটি তুলতে এলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন হাসান ও ইয়াকুব। লাগেজ ও রুপির বিষয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, সিলেট থেকে আহাদ নামে এক ব্যক্তি টাকার লাগেজগুলো ঢাকায় পাঠায়। তার বিস্তারিত পরিচয় ও টাকা পাঠানোর উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।