অপরাধ ও দুর্নীতি ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৩৬

পুবাইলে নিজ ঘরে দম্পতি খুন

ডেস্ক রিপোর্ট।। 

গাজীপুরের পুবাইলে অজ্ঞাত দুর্বৃত্তরা নিজ ঘরের ভেতরই কুপিয়ে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। গতকাল ২৫ সেপ্টেম্বর, বুধবার গভীর রাতে পূবাইলের বসুগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহতরা হলেন- বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। আবুল কালাম ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে বলে জানা গেছে। 

গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বসুগাঁও এলাকায় নিজ ঘরেই শুয়েছিলেন আবুল কালাম ও তার স্ত্রী পুতুল। বুধবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে। আজ ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেন। 

নিহত দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করলেও এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেন নি এ পুলিশ কর্মকর্তা।

নূরুজ্জামান আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দু‘টি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।