আমাদের কাগজ ডেস্কঃ অবশেষে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান। মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম উঠেছে দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনগত রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া গেছে।
ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করা হয়েছে। ৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি। এর আগে, ২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে। এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হল রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম।
উল্লেখ্য, দুবাইয়ে নিজের শোরুম উদ্বোধন করা নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন আরাভ খান। বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে শোরুম উদ্বোধন করা হবে- এমন ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ হলো ইন্টারপোল। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ ও অপরাধ–বিশেষজ্ঞদের সংযুক্ত করে এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে সহায়তা করে। এটি এমন একটি ব্যবস্থা (প্ল্যাটফর্ম), যেখানে সদস্যরাষ্ট্রগুলো এক হয়ে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে। অন্য দেশে পালিয়ে থাকা সন্দেহভাজন অপরাধীর বিস্তারিত তথ্য দিয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা যায়। রেড নোটিশ জারি করার মাধ্যমে সন্দেহভাজন অপরাধীর বিষয়ে সব দেশকে জানিয়ে দেওয়া হয়। এতে করে ওই অপরাধী অন্য দেশে আত্মগোপন করলেও তাঁকে যেন নিজ দেশে ফিরিয়ে আনা যায়।
আমাদের কাগজ/এমটি






















