অপরাধ ও দুর্নীতি ৩০ মার্চ, ২০২৩ ০১:৩৮

ধর্ষণের পর ইডেন ছাত্রী অন্তঃসত্ত্বা: জামিন পেলেন সেই আ.লীগ নেতা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ইডেন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজধানীর লালবাগ থানার মামলায় আত্মসমর্পণের পর আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস জামিন পেয়েছেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি জেমসের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা বেগম হ্যাপির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান আলী বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, এ দিন আদালতে আত্মসমর্পণ করেন আসামি জেমস। এরপর আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ জামিন মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ঢাকার লালবাগ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কলেজছাত্রী। আসামি জেমস সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ মামলার অন্য আসামিরা হলেন জেমসের বাবা আবদুল ওহাব ও ভাই জাকির হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকায় ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় বাদীর (কলেজছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন জেমস। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে বাদীকে লালবাগের রসুলবাগের একটি ভাড়া বাসায় একাধিকবার নিয়ে ধর্ষণ করেন মোনায়েম। এ অবস্থায় বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। 

বিষয়টি জেমসকে জানালে তিনি বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেন। বাধ্য হয়ে নির্যাতিত নারী বিষয়টি জেমসের বাবা-ভাইকে জানান। 

কিন্তু তারাও বাচ্চাটি নষ্ট করার কথা বলে বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ে না দিয়ে কৌশলে গত ৩ ফেব্রুয়ারি মোনায়েম হোসেন জেমসের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে দেন। 

আমাদের কাগজ/এমটি