অপরাধ ও দুর্নীতি ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০৬

সাতক্ষীরায় অস্ত্রসহ ২ বনদস্যু আটক, অপহৃত ৩ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট।। 

সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহীনে আমড়াতলী ফরেস্ট অফিসের সামনে থেকে দু’টি ২ নালা বিদেশী বন্দুক ও একটি ১ নালা বন্দুকসহ ২ বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। পরে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্রসহ আটককৃত বনদস্যুদের শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহীনে আমড়াতলী ফরেস্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাজী নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত বনদস্যুরা হচ্ছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের আবদুল জলিল গাজীর পুত্র আবদুল মালেক (৩০), খুলনার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের মৃত জবেদ আলী গাজীর পুত্র আবদুল গাজী (২৭)। উদ্ধারকৃত জেলেরা হচ্ছে শ্যামনগরের চকবারা গ্রামের রউফ গাজীর পুত্র আবু সাঈদ, চন্ডিপুর গ্রামের মুজিবর মন্ডলের পুত্র আজিবর ও কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের নুরুজ্জামান গাজীর পুত্র আমিরুল।

সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের কৈখালী কোস্টগার্ডের সিসি আমির হোসেনের নেতৃত্বে ইউপি সদস্য আবদুল হামিদ লাল্টুর সহযোগিতায় অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের গহীনে আমড়াতলী নামক এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনদস্যু সেলিম বাহিনী পিছু হঁটে।

পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে দু’টি ২ নালা বিদেশী বন্দুক, একটি ১ নালা বন্দুক, ২১ রাউন্ড গুলি, ৪টি মোবাইল, ১টি নৌকাসহ ২ বনদস্যুকে আটক করে।