অপরাধ ও দুর্নীতি ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪৯

আড়াই কোটির সেতুতে নেই কোনো সংযোগ সড়ক, বিপাকে জনগণ

ডেস্ক রিপোর্ট ।।

টাংগাইলের নাগরপুরে নোয়াই নদীর উপর দুই বছর আগে সেতু নির্মিত হলেও সেতুতে ওঠার জন্য নেই কোনো সংযোগ সড়ক। ফলে নদী পারাপারের জন্য সাধারন মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়তে হয় নদীতে। তবে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই শুরু হবে সংযোগ সেতুর কাজ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিলো প্রায় ২ কোটি ৫২  লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের আগস্টে নাগরপুরের নোয়াই নদীর ওপর, ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে, সেতুটির দু’পাশে সংযোগ সড়ক না করায়, তা কোন কাজেই আসেনি জনসাধারনের।

তবে সেতু সচলে নতুন করে নেয়া হয়েছে উদ্যোগ, আবারও একই ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ২ কোটি টাকার কার্যাদেশ। এ অবস্থায়, সেতুর কাজ কতটা হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর, সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন স্থানীয়রা।

উর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর সব অভিযোগের দায় চাপিয়ে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নাগরপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর আলম।

অপরদিকে, ব্যয় বাড়ার কথা স্বীকার করলেও ঠিকাদার নিয়োগে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকোশলী গোলাম আজম।

তবে এত ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত সেতুটি সচল করতে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।