অপরাধ ও দুর্নীতি ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৫৯

'সম্রাট গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ীই অপেক্ষা করুন'

ডেস্ক রিপোর্ট।। 

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ীই সাবাইকে অপেক্ষা করার পরামর্শ দিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে, এয়ারপোর্ট রোডে শহীদ রমিজউদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।

যুবলীগ নেতা সম্রাটের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে সবাইকে অপেক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।

তিনি বলেন, শুধু মন্ত্রী-এমপিদের নয়, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।

নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি গুজব মন্তব্য করে তিনি বলেন, সড়ক পরিবহণ আইন সংশোধনের বিষয়ে সরকার কোনও রকম উদ্যোগ নেয়নি। এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।