অপরাধ ও দুর্নীতি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৪৫

অনলাইনে খালেদা জিয়ার সাথে লোকমানের ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট।।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া সম্প্রতি ক্যাসিনো বিরোধী অভিযানে র‌্যাবের হাতে গ্রেফতার হন। মাদক আইনে দায়ের করা একটি মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। 

গ্রেফতারের পর থেকে তার নানা কর্মকাণ্ডের রহস্য বের হয়ে আসছে। বর্তমান ক্ষমতাসীন কিছু নেতার প্রিয়ভাজন হলেও একসময় তিনি ছিলেন বেগম খালেদা জিয়ার বডিগার্ড।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকমানের পূর্বের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি সমাবেশে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মাথার ওপর ছাতা ধরে আছেন লোকমান। ওই ছবিতে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকেও দেখা যাচ্ছে।

এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা কী করে আওয়ামী লীগের সময়ে এত সুযোগ সুবিধা গ্রহণ করেন।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে তিনি ৪১ কোটি টাকা রেখেছেন বলে জানা গেছে। মোহামেডান থেকে আয় করা টাকার ভাগ দিতেন ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতাকে।

লোকমান এক সময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তাও ছিলেন বেশ কিছুদিন।